প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে স্টার্টআপ কোম্পানির জন্য বিশেষ প্রণোদনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে তিনি বলেন, সরকার আইসিটি খাতকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে বহুমাত্রিক রূপ দেওয়ার নিমিত্ত স্টার্টআপ উদ্যোগকে বিশেষ প্রণোদনা দেওয়ার মাধ্যমে সম্প্রসারিত করা প্রয়োজন।
প্রস্তাবিত বাজেটে স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য শুধু আয়কর রিটার্ন দাখিল ছাড়া অন্যান্য সব ধরনের রিপোর্টিংয়ের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি এবং স্টার্টআপ কোম্পানির লোকসান ৯ বছর পর্যন্ত সমন্বয়ের বিধানের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এছাড়া আন্তর্জাতিক পরিম-লে প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসার প্রসারের জন্য স্টার্টআপ উদ্যোক্তাদের ক্ষেত্রে ব্যয়সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার ও টার্নওভার করহার শূন্য দশমিক ৬০ শতাংশের পরিবর্তে শূন্য দশমিক ১ শতাংশ করার প্রস্তাব করছি। ই-কমার্স নিয়ে বাজেট বক্তব্যে মুস্তফা কামাল বলেন, আগামী ২০২২-২৩ অর্থবছরে দেশে ই-কমার্স ব্যবসার প্রসার ঘটাতে এবং ই-কমার্স খাতে নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘ই-বাণিজ্য করব, নিজের ব্যবসা গড়ব’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের উদ্দেশ্য হলো, ই-কর্মাস বিষয়ে নতুন উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং দেশের গ্রামীণ অর্থনীতিতে ই-কমার্সবিষয়ক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সৃষ্টি করা।
