স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘সীতাকুন্ডের অগ্নিকান্ডের পেছনে কার গাফিলতি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ গতকাল শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার (২২তম ব্যাচ-পুরুষ) এর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আনসার সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার বাহিনী শান্তিশৃঙ্খলা রক্ষায় ভালো কাজ করেছে, জনগণও তাদের ভূয়সী প্রশংসা করেছে। যখনই সংকট, তখনই আমরা দেখছি আনসার বাহিনী তাদের দক্ষতা ও সাহসিকতা দিয়ে সুন্দরভাবে কাজ করেছে। নির্বাচন বলেন বা ধর্মীয় উৎসব বলেন সব ক্ষেত্রে যখনই প্রয়োজন তখনই আনসার বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে থেকে শান্তিশৃঙ্খলা রক্ষা করেছে।
এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক, কমান্ড্যান্ট, উপমহাপরিচালক (প্রশাসন), উপমহাপরিচালকসহ (অপারেশনস) সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ৪৪২ জন নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করে। কুচকাওয়াজের শুরুতেই তিনি একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। এরপর তিনি কৃতী ও চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
