১ জুলাই থেকে রাত ৮টার পর ঢাকায় বন্ধ দোকান: মেয়র তাপস

আপডেট : ১১ জুন ২০২২, ০৯:২৫ এএম

আগামী ১ জুলাই থেকে ঢাকা শহরে রাত ৮টার পর নির্দিষ্ট সময়ের জন্য রেস্তোরাঁ ও অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দোকান ছাড়া বাকি সবকিছু বন্ধ রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, করোনা সময় জনজীবন যখন স্তব্ধ ছিল তখন প্রকৃতিতে সজীবতা জেগে উঠতে আমরা দেখেছি।কারণ প্রকৃতির বিশ্রাম করার সময় লাগে। আমরা সারা দিনই ঢাকার উপর অত্যাচার করব আর ঢাকা আমাকে সুন্দর পরিবেশ উপহার দেবে, তা আশা করা ঠিক নয়।পৃথিবীর সব শহরেরই একটি সময়সীমা আছে, ঢাকা শহরের কোনো সময়সীমা নেই।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স ও বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগ কর্তৃক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র তাপস বলেন, ঢাকা সিটি করপোরেশনের যে নর্দমাগুলো আছে সেই নর্দমাগুলো পানি নিষ্কাশনের জন্য তা পয়োবর্জ্য নিষ্কাশনের জন্য নয়। পয়োবর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করবে ঢাকা ওয়াসা। ওয়াসা পয়োবর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা না করার কারণে ঢাকাবাসী পয়োবর্জ্যগুলো আমাদের নর্দমায় দিয়ে দেয়। এর ফলে নর্দমাগুলো থেকে পয়োবর্জ্য খালে গিয়ে পৌঁছায়। এটা নিয়ে আগামী ১লা জুলাই থেকে আমরা কঠোর বাস্তবায়নে যাবো।

তিনি বলেন, ৩৩৩ মিলিমিটার বৃষ্টি হলে ঢাকা শহর নিমজ্জিত হয়ে যায়। সুন্দর ঢাকার জন্য আমরা ১০টি খেলার মাঠ তৈরি করেছি। খালগুলো দখলমুক্ত করা হয়েছে ও নান্দনিকভাবে অবকাঠামো স্থাপন করার কাজ শুরু হবে। আইন অনুযায়ী সকল জলাশয়, খাল, পুকুর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশনের।

‘ঢাকায় ৩টি গাছ লাগালে ১টি কদম ফুল গাছ লাগাবেন। কদম ফুল এমন ১টি গাছ যেখানে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এসে বসে। জীববৈচিত্র্যের দিকে খেয়াল রেখে আমরা মশার ওষুধ দিয়ে থাকি।’ 

বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহিদ উল্লা খন্দকার, জিআইজেড বাংলাদেশের এ্যাডাপটেশন অব আরবান এরিয়াস টু ক্লাইমেট চেঞ্জ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. ডানা দে লা ফনটেইন বক্তব্য রাখেন।

এ ছাড়া অনুষ্ঠানে অঞ্চল ও নগর-পরিকল্পনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ২০২১ এর প্রকাশনা উন্মোচন এবং অঞ্চল ও নগর-পরিকল্পনা বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন ২০২৩ এর ঘোষণা প্রদান করা হয়।

সেমিনারে জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন প্রকল্পের টিম লিডার ড. আইনুন নিশাত জাতীয় অভিযোজন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত