ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আগেই সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু সে সময় বাইডেনের সতর্কবার্তাকে গুরুত্ব দেননি জেলেনস্কি। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইডেন।
সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি, অনেকে আমার কথাকে অতিরঞ্জিত মনে করতে পারেন; তবে রাশিয়া যে ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে; এ বিষয়ে আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য ছিল। আমি এই তথ্য ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছিলাম, তাকে সতর্কও করেছিলাম। কিন্তু জেলেনস্কি এবং আরও অনেকেই তখন আমার কথায় কান দিতে চাননি।’
