বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সরকার কোনো বাধা দিচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাদের এত যদি ইচ্ছা হয় দেশের বাইরে থেকে চিকিৎসক আনুক। অসুবিধা তো নাই।’
গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া জানতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার জন্য দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উদারতা ও মানবিকতায় মুক্ত আছেন খালেদা জিয়া। বাসায় থাকার অধিকার পেয়েছেন। চিকিৎসার ব্যাপারে কোনো বাধা নেই।
বিষয়টি নিয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে প্রশ্ন করার জন্য অনুরোধ করেন ওবায়দুল কাদের। ‘এ ব্যাপারে আমি বলতে চাই না। এটা স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় দেখভাল করছে।’
কোনো অঘটন ঘটে গেলে সরকারকে তার দায় দায়িত্ব নিতে হবে বলে বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়ে আসছেন, সে ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার কেন দায়দায়িত্ব নেবে?’
