টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় তাসফিন আহমেদ (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। গতকাল রবিবার নলুয়া-টাঙ্গাইল সড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উপজেলার নলুয়া আড়ালিয়া পাড়ার গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং নলুয়া ইউরেকা মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, নলুয়া-টাঙ্গাইল সড়কের কলাবাগান এলাকায় বন্ধুর মোটরসাইকেল শখের বশে চালাতে যায়। এ সময় নিজেই মোটরসাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
অবস্থার অবনতি হলে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে নেওয়ার হয়। রাতেই মারা যায়। সোমবার সকালে নিজ এলাকায় জানাজা হয়। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ছেলেটি ভালো ছাত্র ছিল।
অসাবধানতাবশত মোটরসাইকেল চালাতে গিয়ে এ দুর্ঘটনার স্বীকার হয়েছে।
