টাঙ্গাইলের মির্জাপুরে ছাগল চুরির সন্দেহে অনিল দাস (৪০) নামে এক নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের দক্ষিণ নাজিরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত অনিল দাস জেলার কালিহাতী উপজেলার আগচারান গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে। স্ত্রী-সন্তান নিয়ে তিনি ওই এলাকার মেছের আলীর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী আন্না রানী দাস স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে গোড়াই দক্ষিণ নাজিরপাড়ার বাসিন্দা শাহিন নামে এক ব্যক্তির ছাগল চুরি হয়। এ ঘটনায় তারা অনিলকে সন্দেহ করেন। গতকাল দুপুরে শাহিনের ছেলে রাফিসহ কয়েকজন মিলে অনিলকে ধরে মারধর করে। একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে অনিলের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শাহিনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।
গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য মো. আদিল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছাগল চুরির সন্দেহে অনিলের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।’
অনিল দাসের স্ত্রী আন্না রানী জানান, তিনি দুপুরে কারখানা থেকে ফেরার পথে জানতে পারেন তার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানান তিনি। দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আইয়ুব খান বলেন, ‘ছাগল চুরির অপরাধে অনিলকে রাফিসহ কয়েকজন মিলে পিটিয়ে মারার সত্যতা পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, অনিলকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
