বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটাই প্রমাণ করে যে নিরপেক্ষ সরকার ছাড়া এ দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
গতকাল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে মহিলা দলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আবারও দাবি করলেন, ‘২০০৩-০৫ সালে বিএনপি প্রথম পদ্মা সেতুর নির্মাণ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের কাজ শুরু করে।’
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘যে নদীতে খালেদা জিয়াকে হত্যা করতে চায় আওয়ামী লীগ, সেখানে যাওয়ার প্রশ্নই আসে না।’ এ সময় পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে সরকারদলীয় মন্ত্রী-এমপিরা ব্যাপক লুটপাট করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
ভারতের দুই বিজেপি নেতা কর্তৃক মহানবী (সা.)কে কটূক্তি করা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষ এর প্রতিবাদে সোচ্চার। সরকারের উচিত ছিল এর প্রতিবাদ জানানো।’
জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।
নেতাদের তিলে তিলে নিঃশেষ করার কর্মসূচি গ্রহণ করেছে সরকার : এদিকে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘সরকার আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ নেতাদের উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করছে। এভাবে তিলে তিলে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের নিঃশেষ করতে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। সুচিকিৎসায় বাধা বর্তমান শাসকগোষ্ঠীর একটি জঘন্য ও মানবতাবিরোধী কাজ।’
সরকারের ‘এই ন্যক্কারজনক ও নিষ্ঠুর কর্মকা-ের’ জন্য ধিক্কার জানিয়ে তিনি অবিলম্বে আলালকে ভারতে চিকিৎসার জন্য যেতে ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দাবি জানান।
অন্য এক বিবৃতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ থেকে বরগুনার আমতলী উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ফকির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান হিরু, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কবির তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জসিম মেম্বারসহ ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশ থেকে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের উচ্ছেদ করতে বেপরোয়া হয়ে উঠেছে সরকার।’
