বিলের মাঝে চলে যাওয়া ‘নৌকা আনতে গিয়ে’ বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০২২, ০৩:১১ পিএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিলের পানিতে ডুবে মোবারক হোসেন (৬০) নামে একজন মারা গেছেন।

বুধবার সকাল নয়টার দিকে জাল ফেলে মোবারকের মৃতদেহ উদ্ধার করা হয়।

উপজেলার পাইকেরছড়া ও বঙ্গ সোনাহাট ইউনিয়নে অবস্থিত পাইকের ছড়া বিলে দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই ব্যক্তি দক্ষিণ ভরতেরছড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের খাবার খাওয়ার জন্য মোবারক হোসেন নিজ বাড়িতে যান। খাওয়া শেষে রাত নয়টার দিকে তিনি বিলে ফিরে এসে দেখেন বৃষ্টি ও বাতাসে ঘাটের নৌকা বিলের মাঝখানে চলে গেছে।

পরে তার গায়ের জামা কাপড় খুলে পাড়ে রেখে সাঁতার কেটে নৌকা আনতে গিয়ে পানিতে ডুবে যান বলে ধারণা করা হচ্ছে।

নৌকা খালি ও বিলের পাড়ে কাপড় দেখে স্থানীয়দের সন্দেহ হলে এলাকাবাসী বিভিন্ন প্রকার জাল ফেলে খোঁজাখুঁজির পরে তার মরদেহ জালে আটকা পড়ে।

তিনি আট হাজার টাকা মাসিক বেতনে ওই বিলের পাহারাদারের দায়িত্ব পালন করতেন।

ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত