ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে সংহতি জানাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেছেন। গতকাল বৃহস্পতিবার এক যৌথ সফরে ইউরোপের এ শীর্ষস্থানীয় নেতারা মহাদেশটির যুদ্ধকবলিত দেশটিতে যান। একটি ট্রেন তাদের বহন করে কিয়েভ নিয়ে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পরে তারা রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইয়োহানিসকে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কিয়েভের ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়া ও যুদ্ধ নিয়ে কথা হয়। ইউরোপীয় কমিশন ইইউ সদস্যপদ প্রার্থী হিসেবে ইউক্রেনের মর্যাদার বিষয়ে সুপারিশ করার এক দিন আগে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। যুদ্ধের বিষয়ে তারা যথেষ্ট সাড়া দিচ্ছেন না, ইউক্রেনের এমন সমালোচনা থেকে মুক্ত হতেই এ তিন নেতা কিয়েভ গিয়েছেন বলে মনে করা হচ্ছে। তাদের এ সফরের আয়োজন করতে কয়েক সপ্তাহ লেগেছে।
কিয়েভে হাজির হয়ে ম্যাক্রোঁ বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইউক্রেনীয়দের ঐক্যের, সমর্থনের, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলার একটি বার্তা দিচ্ছি আমরা, যেহেতু আসছে সপ্তাহগুলো খুব কঠিন হতে পারে। ম্যাক্রোঁ বলেছেন, ‘আমরা এখানে আছি, আমরা মনোযোগ দিয়েছি, গণহত্যা হয়েছে এমন একটি যুদ্ধক্ষেত্রে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে যাব আমরা।’
