সোনারগাঁয়ে বহুতল ভবন নির্মাণে পাইলিংয়ে শক্তিশালী হাইড্রোলিক মেশিন ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার মার্কেট মালিক ও ব্যবসায়ীরা এ মানববন্ধন করেন।
এ সময় বক্তারা বলেন, চৌরাস্তা এলাকায় ‘প্রিন্সিপাল ১০০ প্লাজা’ নামে একটি শপিং মল নির্মাণে হাইড্রোলিক মেশিন ব্যবহার করে পাইলিং করা হচ্ছে। এর ফলে আশপাশের বিভিন্ন মার্কেট ও বাড়িঘরে প্রচ- ভূকম্পন সৃষ্টি হচ্ছে। এতে আতঙ্কের মধ্যে আছেন ব্যবসায়ীসহ আশপাশের মানুষ। ভূকম্পনের পাশাপাশি এর বিকট শব্দে হাসপাতালের রোগী ও স্কুলের শিশুরাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। পাইলিংয়ের কম্পনের কারণে আশপাশের পুরনো দুর্বল ভবন ধসে প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা। এ হাইড্রোলিক মেশিন বহুতল মার্কেট, আবাসিক ভবন, জনবসতিপূর্ণ এলাকায় ব্যবহার করা হয় না। কারণ এটি অত্যন্ত বিপজ্জনক। আমরা চাই ক্ষতিকর হাইড্রোলিক মেশিনের পরিবর্তে অন্য কোনো প্রক্রিয়ায় কারও ক্ষতি না করে পাইলিং করা হোক। এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ১১ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনারগাঁ থানায় অভিযোগও করা হয়েছে।
