ভোট না দেওয়ায় সংখ্যালঘুর বাড়ি ভাঙচুর, লুট

আপডেট : ১৭ জুন ২০২২, ১১:৩৬ পিএম

ইউপি নির্বাচনে প্রতিপক্ষের পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়ায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুরের নাথপাড়ায় সংখ্যালঘুর বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনার পর বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাসহ শতাধিক নারী-পুরুষ বাঁশখালী পরিষদ গেটে মানববন্ধন করেন।

মানববন্ধনে তারা বলেন, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে একই এলাকার মাসুদ গংদের পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়ায় চলাচলের রাস্তা তাদের দাবি করে সুবল ও নারায়ণ নাথের বাড়ি ভাঙচুর করে সশস্ত্র একদল তরুণ। তারা এ সময় বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকার এবং এসএসসি পরীক্ষার্থীর বই ও প্রবেশপত্র নিয়ে যায়। হামলাকারীরা বাড়ির নারীদের মারধরও করে। বক্তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে এসএসসি পরীক্ষার্থীকে আর্তনাদ করে কাঁদতে দেখা যায়।

স্থানীয়রা জানায়, বাঁশখালীর কালীপুরের জঙ্গল গুনাগরী ১ নম্বর ওয়ার্ডের নাথপাড়ায় দেবেন্দ্র নাথের ছেলে নারায়ণ নাথ গংদের সঙ্গে একই এলাকার মাসুদ গংদের চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ছিল। বিষয়টি থানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে সমাধান করে দেওয়া হয়। তারপরও গতকাল সকালে এ জায়গা তাদের এবং নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়ার অজুহাতে সশস্ত্র তরুণরা সুবল ও নারায়ণ নাথের বাড়ির সব মালামাল তছনছ করে এবং টাকা, স্বর্ণালংকার ও বই-প্রবেশপত্র নিয়ে যায়। বাড়ির নারীরা বাধা দিলে তাদের মারধর করা হয়।

ঘটনার ব্যাপারে কালীপুরের চেয়ারম্যান আ ন ম শাহাদত আলম বলেন, ‘ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। এভাবে বাড়িঘর তছনছ করে মালামাল নিয়ে যাওয়াটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

রামদাশহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার ভিডিও নাকি রয়েছে। মামলা হলেই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত