তরুণ গ্রেপ্তার

ঢাকা থেকে অপহৃত শিশু বগুড়ায় উদ্ধার

আপডেট : ১৭ জুন ২০২২, ১১:৩৯ পিএম

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে অপহৃত ১৩ বছরের শিশুকে বগুড়া থেকে উদ্ধার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়ার শাজাহানপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-১২ বগুড়ার সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় তারেক হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারেক নরসিংদীর হাসনাবাদ এলাকার শরীফ হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৫ মে সকাল সাড়ে ৮টার দিকে বান্ধবীর বাড়ি যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি। পরে মেয়েকে উদ্ধারের জন্য হাতিরঝিল থানায় অপহরণের অভিযোগ জানান তার বাবা। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে গত বৃহস্পতিবার র‌্যাবের গোয়েন্দা দল অপহৃত শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারী তারেক হোসেনকে গ্রেপ্তার করে।

গতকাল শুক্রবার বিকেলে র‌্যাব-১২ বগুড়ার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার তারেককে ঢাকার হাতিরঝিল থানায় প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত