বগুড়ায় আ.লীগ নেতার বাড়িতে ককটেল হামলা

আপডেট : ১৭ জুন ২০২২, ১১:৩৯ পিএম

বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল হান্নান রিপুর গ্রামের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়ির দরজার কাছে থাকা একটি গোখরা সাপ মেরে ফেলেছে স্থানীয়রা। দুর্বৃত্তদের নিক্ষেপ করা ৩টি ককটেলের একটি বিস্ফোরিত হয়। বাকি দুটি ককটেল বাড়ির বারান্দা ও গেটের সামনে পড়ে ছিল। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ককটেল হামলা ছাড়াও একটি গোখরা সাপও বাড়ির গেটে রাখা হয়েছিল, যা এলাকাবাসী লাঠি দিয়ে মেরে ফেলেছে। খবর পেয়ে সদর থানার এসআই আবদুল মালেক ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের খোসা ও পরিত্যক্ত দুটি ককটেল উদ্ধার করেন।

গতকাল শুক্রবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল হান্নান রিপু বলেন, ‘আমি সপরিবারে শহরে থাকার কারণে আমার গ্রামের বাড়িতে কেউ থাকে না। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আমার এক প্রতিবেশীর কাছ থেকে মোবাইল ফোনে  খবর পেয়ে আমি সেখানে যাই।’ বগুড়া সদর থানার এসআই আবদুল মালেক জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত