ওয়াশিংটন ডিসিতে পথচারীদের উপর গুলি, নিহত ১

আপডেট : ২০ জুন ২০২২, ১০:১৩ এএম

এবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

আমেরিকার প্রশাসনিক কেন্দ্র ওয়াশিংটনে কড়া নিরাপত্তার মধ্যেই রবিবার রাতে আচমকা পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালান বন্দুকধারী।

ওয়াশিংটনে স্থানীয় সময় আনুমানিক রাত ১০টায় ঘটনাটি ঘটেছে।

একটি টুইট করে ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগ এ বিষয়ে জানায়, ঘটনাটি ঘটেছে নর্থওয়েস্ট ওয়াশিংটনে। পুলিশ এলাকায় পৌঁছে গিয়েছে। তবে বহু মানুষ গুলিবিদ্ধ হন। গুলি লেগেছে বেশ কয়েক জন পুলিশ কর্মীরও।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনাটি যেখানে ঘটে তার অনতিদূরেই চলছিল একটি কনসার্ট।

স্থানীয় অনুষ্ঠান ‘মোচেলা’ পালন করছিলেন এলাকার মানুষ। ভিড় ছিল রাস্তায়। এরই মধ্যে গুলি চলে। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

ওয়াশিংটনের মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, পুলিশ গোটা এলাকাটি ঘিরে ফেলেছে। বন্দুক হামলায় ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এক পুলিশ অফিসার-সহ দুজন সাধারণ নাগরিক আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।

গত দেড় মাসে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে দেশটিতে। মে মাসে টেক্সাসের বন্দুক হামলায় ২৩ জনের মৃত্যু হয়। তারপরে যুক্তরাষ্ট্রের বন্দুক নীতি আরও কঠোর করার দাবি ওঠে। কিন্তু দেশটির আইনসভার সদস্যরা এ পর্যন্ত বন্দুক নীতি কঠোর করার সিদ্ধান্তে একমত হতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত