মুরগি নিয়ে ঝগড়ায় প্রাণ গেল কিশোরীর

আপডেট : ২১ জুন ২০২২, ০১:২০ এএম

কুমিল্লার তিতাসে মুরগি আটকে রাখাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ায় ইটের আঘাতে আয়েশা আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রবিবার সন্ধ্যায় উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা আক্তার ওই গ্রামের মৃত আবুল কাশেমের মেয়ে এবং মোহনপুর দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় আয়েশার মা পারভীন আক্তারের সঙ্গে মুরগি নিয়ে প্রতিবেশী আবদুল আজিজ ও তার স্ত্রী আসমা আক্তারের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে প্রতিবেশির ছোড়া ইটের আঘাতে আয়েশা মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকায় পাঠালে পথেই সে মারা যায়।

নিহত আয়েশার মা বলেন, ‘আমার একটি মুরগির তিন দিন ধরে খোঁজ পাচ্ছিলাম না, রবিবার দেখি আবদুল আজিজের ঘরে আটকে রেখেছে। তারা বলে এটি তাদের মুরগি। এ নিয়ে ঝগড়ায় ইটের আঘাতে আমার মেয়ে মারা যায়। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ‘এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত