টয়লেটে যাওয়ার কথা বলে বাসর ঘর থেকে উধাও নববধূ

আপডেট : ২১ জুন ২০২২, ০৮:৩১ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে বিয়ের প্রথম দিন বাসর রাতে টয়লেটে যাওয়ার কথা বলে এক নববধূ (২২) স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন। অনেক স্থানে খোঁজাখুজি করে নববধূর কোনো হদিস পাওয়া যায়নি।

এ ঘটনায় নববধুর স্বামী বাদী হয়ে মঙ্গলবার (২১ জুন) দুপুরে বন্দর থানায়সাধারণ ডায়েরি এন্ট্রি করে।

এর আগে গত শনিবার (১৮ জুন) ভোর ৫টায় বন্দর থানার একরামপুরের স্বামীর বাড়ি থেকে বের হয়ে ওই নববধূ নিখোঁজ হন। নিখোঁজ নববধূ একই এলাকার বাসিন্দা।

জিডি তথ্য সূত্রে জানা গেছে, গত ১৭ জুন শুক্রবার বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর এলাকার তাদের বিয়ে হয়। বিয়ের প্রথম দিন বাসর রাতে স্বামীকে টয়লেটে যাওয়ার কথা বলে নববধূ ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। খোঁজাখুজির পর তার কোনো হদিস না পেয়ে এ ঘটনায় বর বাদী হয়ে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেন। পুলিশ নিখোঁজ জিডি পেয়ে নববধূকে উদ্ধারের জন্য সম্ভাব্য সব স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে জানায়।  

নারায়ণগঞ্জ বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, জিডির বিষয়টি তদন্ত করা হচ্ছে। খোঁজ পেলে জানাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত