ইউটার্নের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট : ২২ জুন ২০২২, ০৩:৩৩ এএম

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানী নামক স্থানে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ওই স্থানে ইউটার্নের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তারা ওই বিক্ষোভ করেন। অবরোধের কারণে মহাসড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানী গ্রামের মাঝখান দিয়ে মহাসড়ক হওয়ায় গ্রামটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। ফলে এপারের মানুষ ওপারে যেতে নানা দুর্ভোগের শিকার হন। গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এতদিন সামান্য ইউটার্ন রাখা হলেও গতকাল সকালে কর্তৃপক্ষ ওই ইউটার্নটুকুও বন্ধ করতে যাওয়ায় মুহূর্তের মধ্যে গ্রামের কয়েকশ লোক একত্র হয়ে মহাসড়কে অবস্থান নেয়। তারা ইউটার্নের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী ঘটনাস্থলে গিয়ে আশ^স্ত করলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

গ্রামবাসী মো. আমিনুল ইসলাম, মোস্তফা মুরাদ, মিঠু মিয়া, বাবুল মিয়া, ইয়াকুব হোসেন, মো. সিরাজ মিয়া, মো. ছানোয়ার হোসেন, লাল মিয়াসহ অনেকেই জানান, মহাসড়কে মাদারজানী গ্রামের অংশে ইউটার্নের দাবি দীর্ঘদিনের। ইউটার্ন না থাকলে মহাসড়কের পশ্চিম পাশের মসজিদে নামাজ আদায়, গোরস্তানে দাফনসহ করটিয়া হাটে যাওয়া-আসা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই ওই স্থানে ইউটার্ন বা ফুটওভার ব্রিজের দাবি জানান তারা।

টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আনছারী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীদের আশ^স্ত করলে তারা অবরোধ তুলে নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত