দুর্গতদের পাশে থাকা আ.লীগের সংস্কৃতি : তথ্যমন্ত্রী

আপডেট : ২২ জুন ২০২২, ০৩:৪৪ এএম

দুর্যোগে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘এটি আমাদের দলের একটি কালচার, একটা রীতি, কারণ রাজনীতি তো দেশ ও মানুষ সেবার জন্যই। আমরা যখন ক্ষমতায় ছিলাম না তখনো আমরা মানুষের পাশে ছিলাম।’

গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেট-সুনামগঞ্জ-নেত্রকোনায় বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শন শেষে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মানবতার মা। তিনি ছুটে গেছেন, সেখানে ত্রাণ তৎপরতায় রত প্রশাসন ও আমাদের দলীয় নেতৃবৃন্দকে উৎসাহ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। স্বস্তির কথা হচ্ছে, আজকে সেখানে কোনো বৃষ্টি হয়নি। আগের তুলনায় বন্যা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। কোনো কোনো জায়গায় ৪-৫ ফুট পানি নেমে গেছে। প্রধানমন্ত্রী সিলেটের প্রধান নদীগুলো ড্রেজিং করার নির্দেশনা দিয়েছেন, কারণ পলি জমার কারণে নদীর ক্যারিং ক্যাপাসিটি বা নাব্যতা কমে গেছে।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন যে, ১৬ তারিখে সিলেটে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর সেদিন সকালেই প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে ত্বরিৎ ব্যবস্থা গ্রহণ করেছেন, সিভিল প্রশাসন, সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীকে কাজে লাগিয়েছেন এবং একই সঙ্গে আমাদের দলের নেতাকর্মীকে ঝাঁপিয়ে পড়ার জন্য আদেশ দিয়েছেন। আজকে (গতকাল) আমরা গিয়ে সরেজমিনে দেখলাম এবং স্থানীয়রা তাদের অভিব্যক্তিতে জানালেন যে, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।’

বন্যা নিয়ে বিএনপির বিভিন্ন মন্তব্য বিষয়ে প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ  বলেন, ‘প্রধানমন্ত্রী যখন সিলেটের মেয়রকে তার দলের কাছ থেকে কী পেয়েছে জিজ্ঞাসা করলেন, তিনি কিছু বলতে পারলেন না। কারণ তার দল বিএনপির পক্ষ থেকে কিছুই করা হয়নি, তাদের নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ঢাকায় বসে বসে তারা লম্বা লম্বা বক্তব্য দেয়, বাকবাকুম করে, ওখানে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা জানেই না যে, সিলেট অঞ্চলের সব মন্ত্রী এবং এমপি তাদের এলাকায় গেছেন। শুধু করোনাক্রান্ত বলে পরিকল্পনামন্ত্রী ঢাকায় রয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত