রাঙামাটির দুর্গম পাহাড়ে গুলিতে ৩ গ্রামবাসীর মৃত্যুর খবর

আপডেট : ২২ জুন ২০২২, ০৭:৩৯ পিএম

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে একটি নতুন সশস্ত্র সংগঠনের গুলিতে তিন গ্রামবাসী নিহতের খবর পাওয়া গেছে।উপজেলার বড়থলি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা সাইজান নতুন পাড়ায় মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ইউনিয়ন সভাপতি আতুমং মারমা এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য ওয়েইবার ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে বিষয়টির সত্যতা নিশ্চিত করতে পারেনি কোনো আইনশৃংখলা বাহিনী। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কথা শুনলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। স্থানটি দুর্গম হওয়ায় এ বিষয়ে জানাতে সময় লাগবে।

এদিকে, ‘কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ’ নামের একটি সংগঠনের ফেইসবুকে তিনজনকে হত্যার দায় স্বীকার করে নিহতদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সংগঠন জেএলএ-এর সদস্য বলে দাবি করা হয়।  

স্থানীয় জেএসএস নেতা আতুমং মারমা সাংবাদিকদের বলন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘কুকিচীন পার্টি’ নামের একটি নতুন সশস্ত্র সংগঠনের কর্মীরা ইউনিয়নের সাইজান নতুন পাড়ায় এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে তিন জন নিহত হয়। বিষয়টি আইনশৃংখলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত