নোয়াখালীর চাটখিল উপজেলায় সহপাঠীদের বিক্ষোভে মুখে এক স্কুলছাত্রীর (১৩) বাল্যবিয়ে পন্ড করে দিয়েছে প্রশাসন। গতকাল বুধবার দুপুরে উপজেলার মধ্য বদলকোট গ্রামে এ ঘটনা ঘটে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম মোসা জানান, বদলকোট ইউনিয়নের দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হচ্ছে এমন খবর পেয়ে তার সহপাঠীরা লাল পতাকা হাতে ওই বিয়ে বন্ধের দাবিতে তার বাড়িতে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ নিয়ে কনের বাড়িতে যান ইউএনও। এরপর সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কম বয়সে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে কনের বাবাকে ২ হাজার টাকা ও বরপক্ষকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেয় তার পরিবার। একই সঙ্গে উপস্থিত সবাইকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করে কোথাও বাল্যবিয়ের ঘটনা ঘটলে প্রশাসনকে অবহিত করতে অনুরোধ করা হয়।
