ট্রেন-অটোরিকশা সংঘর্ষসহ পৃথক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ২৩ জুন ২০২২, ০১:৩৪ এএম

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে রেললাইন পারাপারের সময় ট্রেন-অটোরিকশা সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন এক যুবক। একইদিন দুপুরে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্য মোটরসাইকেল চালক। দিনাজপুরের ফুলবাড়ীতে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন এক মোটরসাইকেলচালক।

দেশ রূপান্তরের প্রতিনিধিদের প্রতিবেদনে বিস্তারিত :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দনা এলাকায় গতকাল সকালে রেললাইন পারাপারের সময় ট্রেন-অটোরিকশা সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হন। নিহত সানোয়ার হোসেন (৪০) কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সানোয়ার তার অটোরিকশা নিয়ে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দনা এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক সানোয়ার মারা যান। এ ঘটনায় অন্য এক যুবক আহত হন। তার পরিচয় পাওয়া যায়নি।

এদিকে কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, গতকাল দুপুরে উপজেলার বড়হর এলাকায় আঞ্চলিক সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালকই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মো. সিরাজউদ্দিনের (৪০) মৃত্যু হয়। তিনি উপজেলার বারিষাব ইউনিয়নের ডাওরা গ্রামের বাসিন্দা। গুরুতর আহত ওয়ালিদ হোসেনকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে গতকাল দুপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম (৫৫) নিহত হন।

স্থানীয়দের বরাত দিয়ে ফুলবাড়ী থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন শহিদুল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত