উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ১

আপডেট : ২৩ জুন ২০২২, ১১:৫৬ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ঘিরে সন্ত্রাসীরা তৎপর হয়ে উঠেছে। ফের দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ শাহ (৪২) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

তিনি উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আব্দুল্লাহর ছেলে।

 বুধবার রাতে উখিয়ার বালুখালী ১৭ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মদ নাইমুল হক হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

ইতিমধ্যে চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে তিনটি হত্যাকাণ্ড সংঘটিত হলো।

নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, বাড়িতে নেটওয়ার্ক না থাকায় মোবাইলে কথা বলতে পাশের দোকানে যান তার স্বামী।

এ সময় হঠাৎ কয়েকজন অপরিচিত লোক এসে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সাধারণ রোহিঙ্গারা দাবি করেন, মাস্টার মুন্না গ্রুপের লোকজনই মোহাম্মদ শাহকে হত্যা করেছেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিক জানা যায়নি।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলি বলেন, দুর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা যুবক খুন হয়েছেন। কারা কী কারণে হত্যা করেছেন এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত