টাঙ্গাইলে বন্যায় তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি

আপডেট : ২৩ জুন ২০২২, ১২:০৩ পিএম

টাঙ্গাইলে যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল অংশে যমুনা নদীর পানি ৫ সে.মি. কমেছে।

এখনো জেলার ছয়টি উপজেলার ১৮টি ইউনিয়নের প্রায় ১১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে গবাদিপশু নিয়ে চরম দুর্ভোগে আছে সাধারণ মানুষ।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভূঞাপুর উপজেলার গাবাসারা, অর্জুনা ও গোবিন্দাসী ইউনিয়নে।

একদিকে ঘর-বাড়িতে পানি উঠছে অন্যদিকে ফসলি জমি তলিয়ে যাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ৬টি উপজেলার ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসানুল বাশার জানান, টাঙ্গাইল সদর উপজেলা, বাসাইল, নাগরপুর, কালিহাতী, ভুঞাপুর, গোপালপুর উপজেলায় আউশ, পাট, তিল, বুনা আমনের প্রায় ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। পানি আরও বৃদ্ধি পেলে আরও জমি তলিয়ে যাবে।

যদি এক সপ্তাহের মধ্যে পানি নেমে যায় তাহলে আংশিক ক্ষতি হবে। তবে পানি সরে গেলে সঠিক ক্ষতির পরিমাণ জানা যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত