দিনাজপুরের পার্বতীপুরে সিগনাল বারে লেগে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় পার্বতীপুর উপজেলার মন্মথপুর স্টেশনের অদূরে টি৫/এম গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় এলাকাবাসী মন্মথপুর স্টেশনে মাস্টার এবং রেলক্রসিংয়ে গেটম্যান পোস্টিং দেওয়ার দাবিতে ঢাকাগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন আধা ঘণ্টা আটক করে রাখে।
পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী জানান, সকাল সাড়ে ৯টার দিকে মন্মথপুর স্টেশন পার হওয়ার আগে টি৫/এম গেটের সামনে আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের অজ্ঞাতনামা এক যাত্রী জানালা দিয়ে মাথা বের করেন। এ সময় সিগনালবারে আঘাত লেগে ট্রেন থেকে ছিটকে পড়ে মাথা থেঁতলে যায়।
এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার পরিচয় জানা যায়নি। এই ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার সময় লাইনের উপর লোকজনের ভিড় দেখে কিছু সময় ট্রেনটি দাঁড়িয়ে আবার চলে যায়।
এ ব্যাপারে দিনাজপুর জিআরপি থানার (ওসি) এরশাদুল হক ভূইয়া জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে, তার পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ১৪ বছর।
তিনি জানান, এলাকার মানুষ রেল লাইনের উপর দাঁড়িয়ে কিছু সময়ের জন্য বাংলাবান্ধা ট্রেন আটক করে। পরে তারা মনমথপুর স্টেশনে মাষ্টার এবং রেলক্রসিং এ গেটম্যান পোস্টিং দেয়ার মৌখিক দাবি জানিয়ে ট্রেনটি ছেড়ে দেয়।
এ ব্যাপারে দিনাজপুর জিআরপি রেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।
দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
