পদ্মা সেতুর উদ্বোধন, মোংলায় আনন্দ মিছিল

আপডেট : ২৫ জুন ২০২২, ১১:৩৬ এএম

আজ পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে শনিবার সকাল সোয়া ১০টায় বের হওয়া আনন্দ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এ আনন্দ মিছিল শেষ হয়।

আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল বিশ্বাস ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

এ ছাড়া বিভিন্ন শ্রেণির পেশার লোকজনও অংশ নেন এ আনন্দ মিছিলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, আজ পদ্মা সেতুর উদ্বোধন বিশাল একটি স্মরণীয় দিন, তাই আমরা আনন্দ মিছিল করেছি। এই পদ্মা সেতু মোংলা বন্দরসহ এ অঞ্চলের ২১ জেলায় ব্যাপক শিল্প বিপ্লব ঘটাবে।

এতে এ এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বেকারত্ব ঘুচবে এবং অর্থনৈতিকভাবে মানুষ স্বাবলম্বী হবে। প্রধানমন্ত্রীকে মোংলা উপজেলাবাসীর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত