‘জাহানারা ইমাম স্মৃতি পদক-২০২২’-এ ভূষিত হয়েছে বাংলাদেশ গ্রাম থিয়েটার। গতকাল রবিবার জাহানারা ইমামের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পদক প্রদান করে ঘাতক দালাল নির্মূল কমিটি।
অনুষ্ঠানে আয়োজকেরা জানান, মুক্তিযুদ্ধের প্রতি প্রশ্নাতীত বিশ্বাস, মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ় আস্থা, যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনে ভূমিকা ও প্রান্তিক মানুষের সংস্কৃতি বিকাশ এবং মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নিরবচ্ছিন্ন কাজের স্বীকৃতি হিসাবে গ্রাম থিয়েটারকে এই পদক প্রদান করা হয়।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার আগারওয়ালা, দপ্তর সম্পাদক জোবায়ের শিবলী সংগঠনের পক্ষে পদক গ্রহণ করেন।
অনুষ্ঠানে ‘জাহানারা ইমাম স্মারক বক্তৃতা’ প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা ও গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। এছাড়া উপস্থিত ছিলেন রামেন্দু মজুমদার, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির, গোলাম কুদ্দুছ, ফরিদা পারভিন, আসিফ মুনীরসহ অনেকে।
