ভয় দেখানোর অভিযোগ

আ.লীগ সভাপতির বিরুদ্ধে যুবলীগ সম্পাদকের জিডি

আপডেট : ২৮ জুন ২০২২, ০২:৩২ এএম

গুলি করে হত্যা ও গুম করার ভয় দেখানোর অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। গতকাল সোমবার বিকেলে জীবনের নিরাপত্তা চেয়ে কলমাকান্দা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাসের বিরুদ্ধে এ জিডি করেন।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস বলেন, ‘জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাংসদের নামে আসা ত্রাণ গ্রহণ করাকে কেন্দ্র করে তিনি (চন্দন বিশ্বাস) আমার প্রতি নাখোশ হন। এ কারণে গত রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের রাস্তায় আমাকে পেয়ে “গুলি করে খুন করে গুম করবেন” বলে হুমকি দেন।’

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস বলেন, ‘তারে (পলাশ কান্তি বিশ্বাস) আমি কেন গুলি করতে যাব! সে বড়জোর চড়-থাপ্পড় খাইতে পারে!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত