নরসিংদীর মাধবদীতে একটি মাদ্রাসার সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে মাধবদীর নুরালাপুর ইউনিয়নের গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর বাসাইল এলাকার স্যানিটারি মিস্ত্রি জাহিদ (৩২), উত্তর সাটিরপাড়া এলাকার রং মিস্ত্রি বায়েজিদ (২২) ও মাধবদীর গদাইরচর এলাকার আনিস মিয়া (১৬)। স্থানীয়রা জানান, গতকাল বিকেলে ওই মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের পূর্ব পাশের দেয়ালে দড়ি বেঁধে মিস্ত্রিরা রং করছিলেন। এ সময় রং মিস্ত্রিদের কাজের একটি যন্ত্র মাদ্রাসার সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে স্যানিটারি মিস্ত্রি জাহিদ সেটা তুলতে ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর তিনি বাঁচাও বাঁচাও চিৎকার শুরু করেন। পরে তাকে উদ্ধার করতে বায়েজিদ ট্যাংকে নামলে তারও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর তাদের উদ্ধার করতে আনিস নামে একজন ভেতরে নামলে তিনিও ফিরে আসেননি। পরে মাধবদী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে। এদের মধ্যে জাহিদ ও বায়েজিদকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আর আনিসকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
মাধবদী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সুলতান মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি। মূলত জমে থাকা বিষাক্ত গ্যাসের এবং অক্সিজেন স্বল্পতার কারণে তাদের মৃত্যু হয়েছে।
মাধবদী থানার ওসি রাকিবুজ্জামান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
