ইউরোপের অন্তত ১০ শতাংশ মানুষের ক্যানসারের কারণ দূষণ। সম্প্রতি ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সির করা এক রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে এএফপি। রিপোর্টে বলা হচ্ছে, মানুষ চাইলে দূষণ থেকে ক্যানসার হওয়া ঠেকাতে পারে। এজেন্সির রিপোর্টে বলা হয় ‘বায়ুদূষণ, কার্সিনোজেনিক রাসায়নিক পদার্থ, র্যাডন, অতি বেগুনি রশ্মি এবং পরোক্ষ ধূমপানের কারণে ইউরোপে অন্তত ১০ শতাংশ মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে।’ রিপোর্টটি প্রকাশের আগে গত সপ্তাহে সাংবাদিকদের উদ্দেশে সংস্থাটির বিশেষজ্ঞ জেরার্দো শানচেজ বলেন, ‘সমস্ত পরিবেশগত এবং পেশাগত ক্যানসারের ঝুঁকি হ্রাস করা যেতে পারে। বিকিরণ বা রাসায়নিক কার্সিনোজেনগুলোর কারণে পরিবেশগতভাবে হওয়া ক্যানসারগুলো প্রায় নগণ্য স্তরে হ্রাস করা যেতে পারে।’
ইউরোপীয় ইউনিয়নে প্রতি বছর ২৭ লাখ মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়। আর এদের মধ্যে ১৩ লাখই মারা যায়।
