খুলনায় গানপাউডারসহ গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার পথেরবাজার চেকপোস্টের আইসি এসআই রাকিবুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় পুলিশ সহোদরকে আটক করেছে।
গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার মসজিদের সামনে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনাটি ঘটে। আটক সহোদর নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার বাসিন্দা নজরুলের ছেলে।
খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন খান বলেন, যশোর থেকে গানপাউডার বহন করে আনছিল খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকার মোহাম্মাদ আলীর ছেলে খায়রুল আলম। খানজাহান আলী থানার পথেরবাজার চেকপোস্টের পুলিশ তল্লাশির একপর্যায়ে খায়রুলকে ৫০০ গ্রাম গানপাউডারসহ আটক করে। পরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা সদর থানা, খানজাহান আলী থানা ও ডিবি পুলিশ যৌথভাবে পূর্ব বানিয়াখামার এলাকায় খায়রুলকে নিয়ে অভিযান চালানোর সময় খায়রুলের সহযোগীরা পুলিশের ওপর অক্রমণ করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ বানিয়াখামার এলাকার নজরুলের ছেলে ইব্রাহীম ও ইসমাইল নামে দুজনকে আটক করে। তারা দুজনই একটি হত্যা মামলার আসামি।
