কলমাকান্দায় মৃত ব্যক্তিকে আসামি করে মামলা

আপডেট : ০২ জুলাই ২০২২, ১২:৪৪ এএম

কলমাকান্দা থানায় অপহরণ ও সহায়তা করার মামলায় এক যুগ আগে মৃত্যুবরণকারী ব্যক্তিকে আসামি করার অভিযোগ উঠেছে। মামলার বাদী (৬২) নবম শ্রেণিতে পড়–য়া নিজের মেয়েকে অপহরণের দায়ে মো. জুয়েল মিয়াকে (৩২) প্রধান ও এ কাজে সহায়তাকারী হিসেবে তার মৃত বাবা ও চার ভাইকে আসামি করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের এ মামলায় আসামিরা হলেন মো. জুয়েল মিয়া, তার ভাই কাউসার মিয়া (৪০), মোবারক (৩৫), মিনারুল (৩০) ও জামিরুল (২৫) এবং তাদের বাবা আ. রশিদ (৬৫)। তারা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাটা গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা যায়, আসামিদের বাবা আবদুর রশিদ মারা গেছেন এক যুগ হয়ে গেছে। মৃত ব্যক্তির নামে মামলা করায় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে কৌতূহল এবং চলছে সমালোচনা।

গতকাল শুক্রবার সকালে কলমাকান্দা থানার ওসি আবদুল আহাদ খান বলেন, ওই ছাত্রীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে। বাদী যদি মৃত ব্যক্তির নাম উল্লেখ করে থাকেন তা তদন্তে বের হয়ে আসবে, সে অনুযায়ীই চার্জশিট দেওয়া হবে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জুয়েল মিয়া প্রায় সময়ই ভিকটিমকে উত্ত্যক্ত করতেন। তার ভাইদের বিষয়টি অবগত করলেও তারা কোনো সমাধান না করে অপ্রাপ্তবয়স্ক ওই ছাত্রীকে জুয়েলের সঙ্গে বিয়ে দিয়ে দিতে উল্টো চাপ দেন। পরে গত ২৯ জুন সকালে উপজেলা পরিষদের মোড় থেকে ছাত্রীকে অপহরণ করা হয়।

সাবেক ইউপি সদস্য ও পাঁচকাটা গ্রামের বাসিন্দা মানিক মিয়া জানান, মামলার আসামি আবদুর রশিদ এক যুগ আগেই মারা গেছেন। মামলার বাদী বলেন, আসামিদের বাবা মারা গেছেন বিষয়টি জানা ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত