কুলাউড়ায় আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

আপডেট : ০২ জুলাই ২০২২, ১১:২২ এএম

মৌলভীবাজারের কুলাউড়া থানা-পুলিশের অভিযানে মোবাশ্বির আলী ওরফে প্রকাশ মবশ্বির নামে আন্তজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের আমতৈল বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মবশ্বির শরীফপুরের বাঘজুর গ্রামের আব্দুল কুদ্দুছ চোরার ছেলে।

থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাতে শরীফপুর ইউনিয়ন এলাকায় এক অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে শরীফপুরের আমতৈল বাজার থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মবশ্বিরকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ওসি মো. আব্দুছ ছালেক জানান, পলাতক আসামি ও আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মবশ্বিরের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন গুরুতর অপরাধের মামলা বিচারাধীন রয়েছে। তাকে গ্রেপ্তার করে শনিবার (২ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত