র‌্যাব পরিচয়ে ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৬

আপডেট : ০২ জুলাই ২০২২, ০৩:০১ পিএম

চট্টগ্রামে র‌্যাব পরিচয়ে এক ব্যক্তির স্ত্রীর কাছ থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর হাটহাজারি ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- রুবেল হোসেন (৪২), তার ছোট ভাই মানিক হোসেন (৩৮), নজরুল ইসলাম (৪৫), মিজানুর রহমান (৩৪), মো. নীরব (২১), আবু তৈয়ব সিদ্দিকী ওরফে মিঠু (৪৯)।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, গত ২৬ জুন নগরীর আগ্রাবাদ এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে বেশকিছু জাল রেভিনিউ স্ট্যাম্পসহ ইদ্রিস পাটোয়ারি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সেই অভিযানে র‌্যাবকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছিলেন নজরুল, মিজানুর ও নীরব।

তারা তিনজন গ্রেপ্তার ইদ্রিসের বিষয়ে সবকিছু জানতেন এবং তার পরিবারের সদস্যদের নম্বর ছিল। যার কারণে তারা র‌্যাবকে তথ্য দিয়েছিল জাল স্ট্যাম্পের বিষয়ে।

মাহফুজুর জানান, র‌্যাবকে সহায়তার পর গ্রেপ্তার ইদ্রিসের পরিবারের কাছ থেকে তারা টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি করেন।

পরিকল্পনা অনুযায়ী, তারা তিনজন রুবেলকে দিয়ে র‌্যাব পরিচয়ে ইদ্রিসের স্ত্রীকে ফোন করে টাকার বিনিময়ে তাকে ছাড়ানোর কথা বলেন।

‘অভিযানের দিন সন্ধ্যায় রুবেল নিজেকে র‌্যাব-৭ এর ক্যাম্প কমান্ডারের গাড়িচালক পরিচয়ে ইদ্রিসের স্ত্রীকে ফোন করে জানান, তার স্বামীর কাছে কোনো জাল স্ট্যাম্প পাওয়া যায়নি। তাই তাকে ছেড়ে দেওয়া হবে, যার জন্য পাঁচ লাখ টাকা প্রয়োজন।

ইদ্রিসের স্ত্রী এত টাকা দিতে পারবেন না জানালে এক পর্যায়ে এক লাখ টাকা দাবি করেন তারা; যদিও পরে দুই পক্ষ ৭০ হাজার টাকায় সম্মত হয়।’

র‌্যাব জানায়, রুবেলের দেওয়া পাঁচটি নম্বরে ইদ্রিসের স্ত্রী মোট ৭০ হাজার টাকা পাঠান। কিন্তু পরদিন খোঁজ নিয়ে জানতে পারেন, ইদ্রিসের বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি নিয়ে রুবেলের সঙ্গে যোগাযোগ করলে টালবাহানা শুরু করেন।

মাহফুজুর রহমান জানান, র‌্যাবের নামে টাকা আত্মসাতের বিষয়টি জানতে পেরে তারা খোঁজ নেওয়া শুরু করেন। পরবর্তীতে বৃহস্পতিবার বায়েজিদ এলাকায় রুবেলের অবস্থান নিশ্চিত করে পরদিন শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।

জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ইদ্রিস কারাগারে রয়েছেন। র‌্যাব পরিচয়ে তার পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত