চট্টগ্রামের আনোয়ারায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিয়োজিত নির্বাচন অফিসের একটি টিমের ১৩ সদস্যকে মারধর ও ডিভাইস ভাঙচুর করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে টিম লিডার ফয়সাল মিয়া বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামি মোহাম্মদ রাসেলকে (২১) গ্রেপ্তার করেছে। রাসেলের বাড়ি উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রায়পুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের নিবন্ধনকৃত ভোটারদের ছবি তোলার শেষ দিন ছিল গত শুক্রবার। বিকেল ৫টার পর ছবি তোলার জন্য লাইনে আর কোনো ভোটার না থাকায় কার্যক্রম বন্ধ করা হয়। এরপর রাসেল নামে এক ব্যক্তি তার আত্মীয় পরিচয়ে হেলাল নামে একজনের ছবি তোলার অনুরোধ করেন। এ সময় টিমের সদস্যরা তাদের জানান বাদ পড়া ভোটারদের পরবর্তী তারিখে ছবি তোলা হবে। এতে তারা ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজন ডেকে এনে টিমের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের কেন্দ্রে অবরুদ্ধ করে রাখেন। ওই সময় তারা টিমের সবাইকে গালমন্দ ও মারধর করে এবং ভোটার নিবন্ধনকাজে ব্যবহৃত ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস ভাঙচুর করে দুই লক্ষাধিক টাকার ক্ষতি করে। হামলায় ওই টিমের ১৩ সদস্য আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ছৈয়দ নুর ও রায়পুর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাওয়ার আগে রাসেল লোকজন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তারা নির্বাচন অফিসের লোকজনকে গাড়িতে তুলে দেন।
এ ব্যাপারে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিন শরীফ বলেন, ছবি তোলার কার্যক্রম শেষে রায়পুর ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণœ করতে একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে ঘটনাটি ঘটিয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন, এ ঘটনায় টিম লিডার ফয়সাল মিয়া মামলা করেছেন। আমরা আসামিদের গ্রেপ্তারপূর্বক দূষ্টান্তমূলক শাস্তি চাই।
আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিয়োজিত সদস্যদের মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার মূলহোতা রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে পাঠিয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
