নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০১:১৯ পিএম

নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিতের ঘটনায় নূরন্নবী (৪৫) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নূরন্নবী নড়াইল সদরের গোবরা এলাকার ফয়েজ চৌকিদারের ছেলে। তিনি পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক। ১৭০ জন আসামির মধ্যে এ পর্যন্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হলো।

নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এর আগে গ্রেপ্তারকৃত চার আসামি মির্জাপুর গ্রামের  শাওন খান, স্থানীয় নূরাণী মাদ্রাসার শিক্ষক মনিরুল ইসলাম, অটোচালক রিমন আলী ও রুখালী গ্রামের রহমতউল্লাহ বিশ্বাস রনির আজ থেকে নড়াইল সদর থানায় তিন দিনের রিমান্ড শুরু হচ্ছে।

প্রসঙ্গত, কলেজেরই একাদশ শ্রেণির এক শিক্ষার্থী ভারতের বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে প্রণাম জানিয়ে ১৭ জুন পোস্টটি দিয়েছিল। পরদিন অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কলেজের শিক্ষক, ওই শিক্ষার্থীর বাবা ও কলেজ পরিচালনা পরিষদের কয়েকজন সদস্যকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়। কিন্তু শিক্ষার্থীকে নিয়ে যেতে পুলিশকে বাধা দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতেই অপদস্থ করা হয় শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে।

এ সময় সদর থানার ওসি মো. শওকত কবীর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এর কিছু দুরে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার প্রবীর কুমার রায় উপস্থিত ছিলেন। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য উপস্থিত ছিলেন।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নড়াইল সদর থানার ওসি শওকত কবীরকে ৩ জুলাই প্রত্যাহার করে খুলনায় সংযুক্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত