লক্ষ্মীপুরে ৩২ লাখ টাকা আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়ালকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে তিনি আদালতে হাজির হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামছুল আরেফিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইউছুফ ছৈয়াল লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আর বাদী রূপম হাওলাদার সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
আইনজীবী রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না জানান, ইউনুছ হাওলাদার রূপম অভিযুক্ত ইউছুফ ছৈয়ালের কাছে ৩২ লাখ টাকা পান। এ নিয়ে কয়েকবার বৈঠকে বসলেও তিনি টাকাগুলো দেননি। সোমবার হাজির হলে আদালত ইউছুফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এজাহার সূত্র থেকে জানা যায়, ২০২০ সালে রূপম হাওলাদার মজুচৌধুরীর হাট লঞ্চঘাট ইজারার জন্য ওই ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ ছৈয়ালকে ২৫ লাখ টাকার পে-অর্ডার দেন। এ নিয়ে রূপমের সঙ্গে অংশীদার হয়ে কাজ করবেন ও তার নামেই ঘাট ইজারা নেওয়ার অনুরোধ করেন। রূপম তাতে রাজি হন। তখন চেয়ারম্যানকে ২৫ লাখ টাকার পে-অর্ডার ও আরও ১০ লাখ টাকা দেন রূপম। পরে তারা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে টেন্ডারের মাধ্যমে ঘাটটি ইজারা পান। কিন্তু কাগজপত্রে ইউছুফ ছৈয়ালের পরিবর্তে তার ভাতিজা বাবুল ছৈয়ালের নাম দেখা যায়। কারণ জানতে চাইলে ইউছুফ তখন রূপমকে জানান, চেয়ারম্যান হওয়ার কারণে নিজ নামে তিনি ইজারা নিতে পারবেন না। এর কিছুদিন পর রূপমের অংশীদারিত্বের কথা তিনি অস্বীকার করেন। টাকা চাইলেও দেবেন না বলে জানান। এতে রূপম লক্ষ্মীপুর আদালতে ইউছুফ ছৈয়ালের বিরুদ্ধে ৩২ লাখ টাকা পাওনা উল্লেখ করে মামলা করেন।
