জামিন নিতে আগ্নেয়াস্ত্র নিয়ে এজলাসে আসামি

আপডেট : ০৫ জুলাই ২০২২, ০৭:০৬ এএম

গাজীপুরের আদালতে জালিয়াতির মামলায় জামিন চাইতে যাওয়া এক আসামির কাছ থেকে ১০ রাউন্ড গুলিসহ লাইসেন্স করা বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে। গতকাল রবিবার দুপুরে গাজীপুরের বিচারিক হাকিম মো. রাগীব নূরের কোর্ট চলাকালে এ ঘটনা ঘটে। পিস্তল নিয়ে এজলাসে ঢোকা মনসুর আহমেদ (৪৩) গাজীপুর সদর উপজেলার পিরুজালী মধ্যপাড়া এলাকার হাজি আব্দুল করিমের ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘পুরাতন কোর্ট বিল্ডিংয়ের দোতলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে যান মনসুর আহমেদ। আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। জামিন না-মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গে আসামি মনসুর আহমেদ প্রকাশ্যে আদালতে তার শরীরে লুকিয়ে রাখা পিস্তল বের করে প্রকাশ্যে উচ্চবাচ্য করে এবং কর্তব্যরত বিচারক ও আদালতে কর্মরত স্টাফদের ভয়-ভীতি দেখিয়ে সন্ত্রাসী স্টাইলে আতঙ্কের সৃষ্টি করে। এতে আদালতে থাকা বিচারপ্রার্থী জনসাধারণ ও কর্তব্যরত কোর্ট স্টাফ ও পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ বিচারপ্রার্থীরা দৌড়ে পালাতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে আটক করে।’

ওসি আরও বলেন, ‘জামিন বাতিলের আশঙ্কায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে মনসুর আহমেদ জামার নিচে তার লাইসেন্স করা পিস্তল নিয়ে এজলাসে আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। জামিন বাতিল হলে কোর্টের মধ্যে  গোলাগুলি করে আতঙ্ক সৃষ্টি এবং বিচারককে আদেশ বাতিলে বাধ্য করার উদ্দেশ্যে বিচারিক ম্যাজিস্ট্রেট ও স্টাফদের গুরুতর জখম করার পাঁয়তারা করেছিল বলেও স্বীকার করেছে মনসুর আহমেদ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত