ইস্তাম্বুলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট রোডশো অনুষ্ঠিত

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১২:৪৭ এএম

বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ আকৃষ্ট করতে সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুল শহরে বাংলাদেশ ইনভেস্টমেন্ট রোডশো অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কনস্যুলেট, ইস্তাম্বুল যৌথভাবে এই ইনভেস্টমেন্ট রোডশোর আয়োজন করে। সম্প্রতি অনুষ্ঠিত এই ইভেন্টে উল্লেখযোগ্য সংখ্যক তুরস্কের বিনিয়োগকারী অংশগ্রহণ করেন।

এফবিসিসিআইর সহায়তায় দেশের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্সেস এবং কনজ্যুমার ইলেকট্রনিক্স কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং তার প্যারেন্ট কোম্পানি তুরস্কের সর্ববৃহৎ কনজ্যুমার ডিউরেবল কোম্পানি, আর্চেলিক এই আয়োজনটি স্পন্সর করেছে।

অনুষ্ঠানে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান (ভার্চুয়ালি অংশ নিয়েছেন), বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, এফবিসিসিআইর সভাপতি মো. জসীম উদ্দিন, আর্চেলিকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জেমিল জান ডিনচার, সিঙ্গার বাংলাদেশের সিইও এমএইচএম ফাইরোজ এবং তুরস্ক-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হিদায়েত অনুর অজডেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের প্রধান নির্বাহী এম এইচ এম ফাইরোজ উল্লেখ করেন যে, আর্চেলিক ও সিঙ্গার বাংলাদেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ার অংশীদার হতে পেরে আনন্দিত। বাংলাদেশ ইনভেস্টমেন্ট রোড শোতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সম্ভাব্য বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিনিধিদলের কাছে বাংলাদেশের বিনিয়োগের সার্বিক চিত্র তুলে ধরেন। তা ছাড়া বাংলাদেশ ও তুরস্কের চলমান ব্যবসায়িক পরিধি বৃদ্ধি করাও এই ইভেন্টের লক্ষ্য ছিল।

বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীগণ ইস্তাম্বুলে আর্চেলিকের সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্স ও আর অ্যান্ড ডি সেন্টারও পরিদর্শন করেন। তারা আর্চেলিকের টেকসই ও পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত