বসতঘরে অজগর নদীর পাড় থেকে কচ্ছপ উদ্ধার

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১২:২৯ এএম

সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের মোংলার মাদুরপাল্টা গ্রামের বসতঘর থেকে একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল বুধবার দুপুরে উদ্ধার হওয়া সাপটি বনে ছেড়ে দিয়ে ফেরার পথে বনসংলগ্ন খড়মা নদীর পাড় থেকে একটি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে বন বিভাগ। কচ্ছপটি পরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের মাজেদ মৃধার বসতঘরের মধ্যে একটি অজগর ঢুকে পড়ে ঘরে থাকা পোষা মুরগি কামড়ে ধরে। ঘরের লোকজন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং বন বিভাগকে খবর দেয়। দুপুর আড়াইটার দিকে বন বিভাগের সদস্যরা সাপটি উদ্ধার করে জিউধারা অফিসসংলগ্ন বনে ছেড়ে দেন। ফেরার পথে বনসংলগ্ন খড়মা নদীর পাড় থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি সুন্ধি কচ্ছপ উদ্ধার করেন তারা। অসাধু লোকেরা কচ্ছপটি পাচারকালে বন বিভাগের সদস্যদের দেখে ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত