ভোক্তা অধিকারের মহাপরিচালকের কফিতে মাছি

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০১:১৮ এএম

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম শফিকুজ্জামানকে পরিবেশন করা কফিতে মাছি পাওয়ায় বরিশালের তিন তারকা মানের গ্র্যান্ডপার্ক হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে গত বুধবার বিকেলে শুনানি শেষে এ জরিমানা করেন সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সেলিম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২ জুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান বরিশালের গ্র্যান্ডপার্ক হোটেলে অর্ডার দিয়ে কফি পান করেন। কফি পান করার শেষের দিকে তিনি তার কাপের তলানিতে একটি মরা মাছি দেখতে পান।

এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে শুনানি হয়। শুনানিতে গ্র্যান্ডপার্ক কর্তৃপক্ষ লিখিতভাবে দোষ স্বীকার করে। এ সময় বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত