নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন কর্মসূচিতে বক্তারা

ত্বকী হত্যা বিচারহীনতার একটি নগ্ন উদাহরণ

আপডেট : ০৯ জুলাই ২০২২, ১২:১৭ এএম

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা দেশে বিচারহীনতার একটি নগ্ন উদাহরণ বলে মন্তব্য করেছেন বক্তারা। গতকাল শুক্রবার সন্ধ্যায় ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১২ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে বক্তারা এ মন্তব্য করেন। নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

সংগঠনটির সহসভাপতি মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ত্বকীর বাবা রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, ন্যাপের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ প্রমুখ।

রফিউর রাব্বি বলেন, ত্বকী হত্যার সাড়ে ৯ বছর অতিবাহিত হলেও সরকারের অঘোষিত ইনডেমনিটির মাধ্যমে বিচারকাজ বন্ধ রাখা হয়েছে। র‌্যাবের তৈরি করা অভিযোগপত্র আটকে রাখা হয়েছে। র‌্যাব সংবাদ সম্মেলন করে যাদের অভিযুক্ত বলে জানিয়েছে, সরকার ও প্রশাসন তাদের নিরাপত্তা দিচ্ছে। ঘাতকরা এখন বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন। ত্বকী হত্যা দেশে বিচারহীনতার একটি নগ্ন উদাহরণ।

রফিউর রাব্বি আরও বলেন, সরকার প্রতিনিয়ত মানুষের বিচার পাওয়ার অধিকারকে ক্ষুণœ করছে, সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলো ক্ষুণœ করে চলেছে। স্বাধীনতার আগে ও পরে কখনো মানুষ এত বিপন্নবোধ করেনি। ২০১৬ সালে প্রধানমন্ত্রী বলেছিলেন, ত্বকীকে কারা হত্যা করেছে তিনি জানেন, তবুও বিচার হচ্ছে না। সাড়ে আট বছর আগে ত্বকী হত্যার তদন্ত শেষে অভিযোগপত্র তৈরি হলেও তা আদালতে পেশ করা হয়নি। তিনি সাগর-রুনি, তনুসহ নারায়ণগঞ্জে নিহত আসিক, চঞ্চল, বুলু ও মিঠু হত্যার দ্রুত বিচার দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত