কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম দুটি হলো পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া ও পাইকডাঙ্গা।
শনিবার (৯ জুলাই) সকাল ৮টায় ছিট পাইকেরছড়া গ্রামের আহলে হাদিস অনুসারীদের জামে মসজিদের সামনের ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হয়। অপরটি পাইকডাঙ্গা মসজিদে অনুষ্ঠিত হয়।
গ্রাম দুটির শতাধিক মানুষ নামাজে অংশগ্রহণ করেন। ছিট পাইকেরছড়া গ্রামে অনুষ্ঠিত ঈদ জামাতে ওই গ্রামের মুসল্লি ছাড়াও উপজেলার জয়মনিরহাট ও পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার বেশ কিছু মুসল্লি অংশ গ্রহণ করতে আসেন।
ছিট পাইকেরছড়ার ঈদ জামাতের ইমামতি করেন মওলানা মোকছেদুল ইসলাম। পাইকডাঙ্গায় ইমামতি করেন মওলানা আশরাফুল ইসলাম।
দুই গ্রামেই নির্বিঘ্নে ঈদের নামাজ আদায়ে মুসল্লিদের নিরাপত্তা দেয় পুলিশ।
ছিট পাইকেরছড়া গ্রামের সিরাজুল ইসলাম জানান,বেশ কয়েক বছর যাবৎ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করছেন তারা।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ছিট পাইকেরছড়া ও পাইকডাঙ্গা গ্রামের কিছু পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। আজ সকালে শান্তিপূর্ণভাবে তাদের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
