রাজধানীতে দুপুর ২টায় বর্জ্য অপসারণ শুরু

আপডেট : ১০ জুলাই ২০২২, ১০:৩৫ এএম

কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম রবিবার দুপুর ২টা থেকে শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সকালে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।                                

তাপস বলেন, ঈদুল আজহা উপলক্ষে যে কোরবানি দেওয়া হবে, আমি সকলকে অনুরোধ করব— খুব সুষ্ঠুভাবে, পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে যেন আমরা কোরবানি দিতে পারি। এরপর আমরা দুই মেয়র মিলে, ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য সকল বর্জ্য অপসারণে আমরা দুপুর ২টা থেকে কার্যক্রম শুরু করব।

ঈদ জামাতের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ডিএসসিসি মেয়র বলেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামীনের কাছে শোকরিয়া আদায় করছি। অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও সন্তোষজনক পরিবেশে আমরা এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পেরেছি।

তাপস এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশবাসী এবং ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

এ দিকে ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, আমরা দুই মেয়র প্রধান বিচারপতিসহ প্রায় ৩৫ হাজার মুসল্লির সাথে একসঙ্গে নামাজ আদায় করেছি।

আতিকুল বলেন, আমি সবাইকে অনুরোধ করব, ঢাকাবাসীকে অনুরোধ করব– আপনারা আমাদেরকে সাহায্য করুন। আপনারা নির্দিষ্ট স্থানে বর্জ্যটা রেখে দিন। আমাদের সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা ইতোমধ্যে মাঠে নেমেছে। জনগণের সহযোগিতা পেলে, আমরা আশা করি খুব শিগগিরই সকল বর্জ্য অপসারণ করতে পারব।

প্রধান ঈদ জামাতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ সরকার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নামাজ আদায় করেন। নামাজ পরবর্তী দুই মেয়র একে অপরের সঙ্গে এবং প্রধান বিচারপতিসহ উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে কোলাকুলি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত