ধর্ষণ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ৩২ বছর পালিয়ে ছিলেন পাকিস্তানে। গত বছর দেশে ফিরে ছদ্মবেশে এলাকায় অবস্থান করছিলেন। তিন মাস অনুসরণ করার পর সোমবার রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক জুয়েল রানা সরকার।
অভিযুক্ত ধর্ষকের নাম আইয়ুব আলি(৭০)। তিনি সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম দরবেশ গ্রামের আবুল কাসেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশের গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গত ১৯৮৯ সালে আইয়ুব আলীর বিরুদ্ধে ফেনীর আদালতে মামলা হয়। তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে তার অনুপস্থিতিতে ফেনীর জেলা ও দায়রা জজ আদালত ১০ বছরের কারাদণ্ড দেয়।
স্থানীয়রা জানান, ঘটনার সময় অভিযুক্ত আইয়ুব আলী ছিলেন ২০/২২ বছরের যুবক। ওই সময় পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে সে পালিয়ে যায়। পরে তার পরিবার সূত্রে এলাকাবাসী জানতে পারে গ্রেপ্তার এড়াতে সে অবৈধ পথে ভারত হয়ে পাকিস্তানের করাচি চলে যায়। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর গত বছর দেশে ফিরেই ছদ্মবেশে এলাকায় অবস্থান করছিল।
সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দাইয়ান বলেন, আটকের পর সে তার পরিচয় গোপন করে বিভ্রান্তিকর তথ্য দেয়। পরে পুলিশের ব্যাপক জেরার মুখে সে তার আসল পরিচয় প্রকাশে বাধ্য হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সাজা ভোগের জন্য মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়।
