মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

আপডেট : ১৩ জুলাই ২০২২, ১১:০২ এএম

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক মো. সাদ্দাম (২২) ও যাত্রী খাইরুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার সকালে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের আলমদস্তার এলাকায় পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাজৈরে থানার ওসি মো. আলমগীর হোসেন।

নিহত মো. সাদ্দাম নওগাঁ জেলার পারশা উপজেলার গাংগারিয়া গ্রামের রইজ ইসলামের ছেলে এবং খাইরুল ইসলাম একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আমবোঝাই একটি পিকআপভ্যান মাদারীপুরের দিকে যাচ্ছিল। পিকআপভ্যানটি রাজৈরের আলমদস্তার এলাকার নতুন পৌরসভা ভবনের সামনে আসলে বিপরীতমুখী সোনার বাংলা নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপভ্যানটির সামনের অংশটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক সাদ্দাম মারা যান।

এ সময় গুরুতর আহত হন আম ব্যবসায়ী খাইরুল (৪৫) ও হেলপার মাহাতাব আলী (১৮)। পরে স্থানীয়রা আহত তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাইরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরেই চালক বাসটি নিয়ে পালিয়েছে। আমরা বাসটি আটক করার চেষ্টা চালাচ্ছি। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত