পণ্য কিনে দাম না দিয়ে শ্রমিক লীগ নেতাকে হত্যা

আপডেট : ১৪ জুলাই ২০২২, ১২:৫১ এএম

গ্রামের মুদির দোকানে ৩০ টাকার পণ্য কিনে দাম না দিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে পিটিয়ে মো. আয়তুল (৩৫) নামে এক দোকানিকে হত্যা করা হয়েছে। আয়তুল জাতীয় শ্রমিক লীগ নেত্রকোনা সদর উপজেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক। তার সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামে চা স্টল ও মুদি দোকান রয়েছে। তিনি পাশর্^বর্তী কুনিয়া গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।

এ ঘটনার হত্যা মামলা হলে গতকাল বুধবার দুপুরের দিকে অভিযুক্ত কাঞ্চনপুর গ্রামের মৃত কচু ফকিরের ছেলে রিপন ফকির (৪৫) ও তার ছেলে মাহিকে (১৪) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

নিহতের খালাতো ভাই শেখ জহিরুল ইসলামের ভাষ্যমতে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে আয়তুলের দোকান থেকে ৩০ টাকার পণ্য কেনে মাহি। কিন্তু টাকা না দিয়ে চলে যেতে চাইলে তর্কের একপর্যায়ে মাহি ১০০ টাকা দেওয়া হয়েছে দাবি করে উল্টো ৭০ টাকা ফেরত চায়। পরে মাহি বাড়িতে গিয়ে তার বাবা রিপন ফকিরসহ আরও বেশ কয়েকজনকে দোকানে এনে আয়তুলকে পিটিয়ে হত্যা করে।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মাহি ৩০ টাকার পণ্য কিনে টাকা না দেওয়ার প্রাথমিক সত্যতা মিলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত