পটুয়াখালীর দুমকিতে কাপড় শুকানোর রশি টানানোকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত আলাউদ্দিন হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, উত্তর মুরাদিয়া গ্রামের হাওলাদার বাড়িতে আলাউদ্দিন হাওলাদারের সঙ্গে হুমায়ুন কবির গংদের পারিবারিক বিরোধ চলছিল। গত মঙ্গলবার বিকেলে উঠানে কাপড় শুকানোর রশি টানাতে গেলে প্রতিপক্ষ তাকে বাধা দেয়। একপর্যায়ে প্রতিপক্ষের হুমায়ুন কবির, ফারুক হাং, হারুন হাং, সবুজ হাং, শাহানাজ বেগমসহ কয়েকজন আলাউদ্দিনকে কুপিয়ে জখম করে এবং তার ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। তারা আলাউদ্দিনের ছেলে ও স্ত্রীকেও বেদম পেটায়। তবে প্রতিপক্ষের হুমায়ুন কবির কোপানোর অভিযোগ অস্বীকার করে বলেন, ঝগড়াঝাটি ও হাতাহাতি হয়েছে মাত্র।
