মোংলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া এলাকার তেলিখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুদের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া এলাকার তেলিখালী গ্রামের বাসিন্দা দিনমজুর দেলোয়ার শেখের (৪৪) শিশুসন্তান মো. জীম ও তার ভাইপো লাভলু শেখের (২৫) মেয়ে বৃষ্টি (৪) তাদের বাড়ির উঠানে খেলা করছিল।
শুক্রবার সকাল থেকেই শিশু দুটি চুলা, আচা, দা, পাতা নিয়ে রান্নাবান্নার খেলা করছিল। খেলার কোনো এক ফাঁকে পুকুর থেকে পানি তুলতে গিয়ে পড়ে যায় তারা।
পরে বাড়ির উঠানে তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে জীমকে পুকুরে ভেসে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করেন তার বাবা দেলোয়ার।
পরে ভাইপো লাভলুর মেয়েকে পুকুরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই দুই শিশুকে দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডা. অনুপম মজুমদার তাদের মৃত বলে ঘোষণা করেন।
তিনি বলেন, পুকুরে ডুবে সেখানেই তাদের মৃত্যু হয়। পরে মৃত শিশুদের তারা হাসপাতালে নিয়ে আসেন।
জীম তার পরিবারের সাথে থাকতেন। আর বৃষ্টি তার ফুফু হিরা বেগমের কাছে থাকতেন। বৃষ্টির বাবা লাভলু ও মা চাকরির সুবাদে ঢাকায় থাকেন।
জীমের বাবা দেলোয়ার পেশায় দিনমজুর আর বৃষ্টির বাবা গার্মেন্টস শ্রমিক।
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নিয়ে শিশুদের তার পরিবারের কাছে দিয়ে দেওয়া হবে।
