ভারী অস্ত্র নিয়ে উল্লাস: যুবলীগ ক্যাডার গ্রেপ্তার হননি

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০৮:৩১ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর সন্ত্রাসী হামলার পর ভারী অস্ত্র নিয়ে উল্লাস করা আলোচিত যুবলীগ ক্যাডার মনিরুজ্জামান জুয়েল এখনো গ্রেপ্তার হয়নি।

হামলা এবং অস্ত্র প্রদর্শনের দুদিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো তার সন্ধান পায়নি বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মনে নানা প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নিয়মিত ভারী অস্ত্র নিয়ে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন যুবলীগ ক্যাডার জুয়েল। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভ এবং আতঙ্ক বিরাজ করছে।

image

বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর ইউপির নালঘর বাজারে সন্ত্রাসী হামলায় শাহজালাল চেয়ারম্যান এবং তার গাড়িচালক আমজাদ হোসেন আহত হন। এ সময় চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের তৈরি ভারী অস্ত্র নিয়ে যুবলীগ ক্যাডার জুয়েল এলাকায় উল্লাস করেন। ভারী এ অস্ত্র নিয়ে ওই ক্যাডার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মহড়া দেন বলে অভিযোগ এলাকাবাসীর।

তারা বলেন, হামলার পর মিয়ার বাজার গ্রিন ভিউ হোটেলের সামনে অস্ত্র হাতে উল্লাস প্রকাশ করেন। ওই ক্যাডারের কাছে আরো এমন অনেক অস্ত্র থাকতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় লোকজন।

সন্ত্রাসী হামলায় আহত ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার বলেন, মনিরুজ্জামান জুয়েল একজন কুখ্যাত সন্ত্রাসী, তার একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে, এ সন্ত্রাসী বাহিনীর হাতে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে। তারা এসব অস্ত্র দিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলাবিরোধী নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক আশ্রয়ে থাকার কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। আমিসহ এলাকার রাজনৈতিক তথা সচেতন মহল জুয়েল বাহিনীর এমন অস্ত্র দেখে চরম আতঙ্কে রয়েছে। এ বাহিনীর সদস্যরা যেকোনো সময় বড় ধরনের খুন-খারাবির মতো ঘটনা ঘটাতে পারে। এতে আমার কর্মী সমর্থকরাও আতঙ্কে রয়েছে।

তিনি বলেন, যে সব অস্ত্র প্রশিক্ষিত কোনো বাহিনীর হাতে থাকে, সেসব অস্ত্র যুবলীগ ক্যাডার জুয়েলের হাতে কীভাবে আসল এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, অস্ত্রধারী মনিরুজ্জামান জুয়েলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত